কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ পাঁচজন আটক হয়েছে। শনিবার ভোরে ৪৭ বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে কুষ্টিয়া সীমান্তের দৌলতপুর উপজেলার মুন্সিগঞ্জ নামক স্থানে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, ৯০ বোতল ফেনসিডিল এবং ২০ বোতল এসএসডিসহ (৫০ এমএল) দুজনকে আটক ক করা হয়।
আটকরা হলেন দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া গ্রামের ছম্মাত আলীর ছেলে সিনবাদ আলী (২৭) ও মোহাম্মদপুর গ্রামের সওকত মন্ডলের ছেলে মিন্টু হোসেন (২৯)।
অন্যদিকে, শুক্রবার রাতে চিলমারী বিওপি’র হাবিলদার মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে মুন্সিপাড়া নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৫৪ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করে বিজিবি। আটকরা হলেন একই উপজেলার চরুইকুরি মরারপাড়া গ্রামের গাজী মন্ডলের ছেলে স্বপন মন্ডল (২৩), মৃত দুল্লুক মন্ডলের ছেলে শরিফুল ইসলাম (৩৫) এবং মুন্সিপাড়ার খলিলুর রহমানের ছেলে রাসেল (২০)।
ওই রাতেই উদয়নগর বিওপির সুবেদার সৈয়দ শুকুর আলীর নেতৃত্বে আতারপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে চার কেজি ছয়শ’ গ্রাম কারেন্ট জাল এবং এক হাজার নয়শ’ ৮০ পিস সিলডিনাফিল ট্যাবলেট আটক করে বিজিবি।
শেওড়াতলা বিওপি’র নায়েব সুবেদার আছাবুর রহমানের নেতৃত্বে হাড়া ভাঙ্গা মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে একশ ৫০ গ্রাম হেরোইন আটক করে বিজিবি। ৪৭ বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে মিরপুর উপজেলার গোবিন্দপুর হাইওয়ে সড়কে অভিযান চালিয়ে পাঁচ হাজার তিনশ’ ৬০ প্যাকেট অবৈধ নকল বিড়ি ও চারশ’ কেজি কারেন্ট জাল উদ্ধার করে।
৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দ মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য দশ কোটি ৭১ লাখ ১৭ হাজার দুশ’ টাকা।