অনলাইন ডেস্ক।।
মোংলার চাঁদপাই ইউনিয়নের আলোচিত আওয়ামী লীগ নেতা মতিয়র রহমান মোল্লা এনসিপির (ন্যাশনাল সিটিজেন পার্টি) ইউনিয়ন কমিটির যুগ্ম সমন্বয়কারীর পদ পাওয়ার পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি মাদক ও জুয়ার ব্যবসার সঙ্গে জড়িত। এখন এনসিপির নেতৃত্বে আসায় প্রশ্ন উঠেছে—বিতর্কিত কর্মকাণ্ড কি দলীয় নেতৃত্বের মাধ্যমে বৈধতা পাচ্ছে?
মতিয়র রহমান চাঁদপাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য। ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকে তিনি এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে গেছেন বলে স্থানীয়দের অভিযোগ।
বিরোধী দলগুলো বলছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে এনসিপির কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। পৌর বিএনপি নেতা এমরান হোসেন অভিযোগ করেন, “একজন চিহ্নিত আওয়ামী লীগ নেতাকে দিয়ে কমিটি সাজানো মানে পুরো দলকেই প্রশ্নবিদ্ধ করা।” পৌর যুবদল নেতা বিএম ওয়াসিম আরমান বলেন, “লাখ টাকার বিনিময়ে পদ কেনা হয়েছে।” উপজেলা জামায়াত নেতা কোহিনূর সরদার মন্তব্য করেন, “এটি যদি সত্যি হয়ে থাকে, তা রাজনৈতিক দুর্নীতির স্পষ্ট উদাহরণ।”
অভিযোগের বিষয়ে মতিয়র রহমান মোল্লা দাবি করেন, তিনি কোনো কমিটিতে নেই। পরে তিনি ফোন কেটে দেন। তবে এনসিপির মোংলা উপজেলা প্রধান সমন্বয়কারী মৃধা মাজেদুল ইসলাম বলেন, “আমাদের দলে কোনো আওয়ামী লীগ নেতা থাকতে পারবেন না। যদি কেউ থেকে থাকেন, তাকে ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার করা হবে।”
১৬ আগস্ট ঘোষিত চাঁদপাই ইউনিয়ন এনসিপি কমিটির অনুমোদিত তালিকায় প্রধান সমন্বয়কারী আছেন মো. আবু সিদ্দিক জমাদ্দার। যুগ্ম সমন্বয়কারী হিসেবে রয়েছেন মতিয়র রহমান মোল্লা, মো. রাসেল শেখ, রবিউল ইসলাম, শহিদুল ইসলাম (সাগর) ও শামীম চৌকিদার। এছাড়াও সদস্য পদে আরও ১০ জন অন্তর্ভুক্ত আছেন।
স্থানীয় রাজনৈতিক মহল বলছে, মতিয়র রহমানের পদপ্রাপ্তি কেবল একটি রাজনৈতিক ঘটনাই নয়, বরং দীর্ঘদিনের অপরাধের ছায়া এখন নতুন রাজনৈতিক পরিচয়ে ঢেকে দেওয়ার চেষ্টা।