যশোর শার্শা প্রতিনিধি।।
যশোরের শার্শা উপজেলার পল্লীতে নিখোঁজের একদিন পর খায়রুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার স্বরুপদাহ গ্রামের মালশাকুড় ব্রিজের নিচে থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত খায়রুল ইসলাম উপজেলার বোয়ালিয়া গ্রামের নুর মোহাম্মাদের ছেলে।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, খায়রুল ইসলাম ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেননি। শুক্রবার দুপুর আড়াইটার দিকে শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রাম সংলগ্ন মালশাকুড় ব্রিজের নিচে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পরে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তার শরীরে তেমন কোন ক্ষত বা আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।