দৈনিক পদ্মা নিজস্ব ডেস্ক : পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ শেষ পর্যন্ত এক মর্মান্তিক হত্যাকাণ্ডের জন্ম দিয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া এলাকায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন এক যুবক। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তার বাবা। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

আজ দুপুর ১২টার দিকে আলোকদিয়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত যুবকের নাম মিরাজ হোসেন (২০)। তার বাবা তৈয়ব আলী (৪০) গুরুতর আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মিরাজ এবং তার বাবার সঙ্গে তাদের আত্মীয় বাবু ও রাজুর প্রায় দেড় কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

আজ দুপুরে যখন মিরাজ ও তার বাবা পাট শুকাচ্ছিলেন, তখন বাবু ও রাজু তাদের ওপর হামলা করে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মিরাজ মারা যান। তার বাবা তৈয়ব আলীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, “প্রাথমিকভাবে এটি পারিবারিক দ্বন্দ্বের জেরেই ঘটেছে বলে মনে করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাবু ও রাজুকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”