দৈনিক পদ্মা সংবাদ অনলাইন ডেস্ক।।
বাংলাদেশের কারা ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। দেশের সব কারাগার নিয়ে গঠিত ‘বাংলাদেশ জেল’-এর নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’।
মঙ্গলবার (২৬ আগস্ট) কারা সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
আইজি প্রিজন জানান, শুধুমাত্র বন্দি রাখা নয়, বরং সংশোধনমূলক কার্যক্রমে জোর দেওয়ার লক্ষ্যেই এ নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষায়— কারাগারকে আমরা আর কেবল বন্দিদের জন্য শাস্তিমূলক স্থান হিসেবে দেখতে চাই না। তাদের পুনর্বাসন, মানসিক পরিবর্তন ও সমাজে ইতিবাচকভাবে ফিরে আসার সুযোগ সৃষ্টিই হবে মূল উদ্দেশ্য।
কারা বিভাগ যুগোপযোগী করতে ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’ নামের একটি নতুন আইনের খসড়া চূড়ান্ত করে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। এ আইনে বন্দিদের পুনর্বাসন, মানবাধিকার রক্ষা, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা ও কারা প্রশাসনের দক্ষতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানানো হয়।
বর্তমানে দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি বন্দি থাকায় নতুন করে ২টি কেন্দ্রীয় কারাগার এবং ৪টি জেলা কারাগার চালু করা হয়েছে। এছাড়া প্রশাসনিক সমন্বয় জোরদারের জন্য ঢাকা বিভাগকে ভেঙে দুটি ভাগে ভাগ করা হয়েছে।