দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামে মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। জন্মদিনের আগের রাতে ওষুধ খেতে গিয়ে শ্বাসরোধ হয়ে ছয় বছর বয়সী রোকসানা খাতুন নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরদিন বুধবার সকাল ১০টার দিকে জানাজা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

নিহত রোকসানা ধান্যঘরা গ্রামের ভ্যানচালক টুটুলের ছোট মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, সেদিন রাতে জ্বরে আক্রান্ত রোকসানাকে স্থানীয় ফার্মেসি থেকে সিরাপ খাওয়ানোর পরামর্শ দেয়া হলেও তার পরিবার ট্যাবলেট কিনে আনে। খাওয়ানোর সময় ট্যাবলেটটি শিশুটির গলায় আটকে যায়। পরে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য শাহ মোহাম্মদ ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি অসুস্থ ছিল, কিন্তু ভুলভাবে ওষুধ খাওয়ানোর কারণে তার মৃত্যু ঘটে।

পরিবার জানায়, বুধবারই ছিল রোকসানার ষষ্ঠ জন্মদিন। জন্মদিনের প্রস্তুতিতে বিকেলে হাতে মেহেদি রাঙিয়েছিল সে। কিন্তু রাতেই তার মৃত্যু হওয়ায় আনন্দের পরিবেশ মুহূর্তেই পরিণত হয় শোকে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, ঘটনাটি তার জানা নেই। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।