দৈনিক পদ্মা সংবাদ অনলাইন ডেস্ক।।
বান্দরবানের লামা উপজেলায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করা ট্রাফিক সার্জেন্ট কাজী মোহাম্মদ শাহাদাত সম্প্রতি বদলি হয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলায়।
২০২৫ সালের ২৯ জানুয়ারি লামায় যোগ দেওয়ার পর থেকেই তিনি দক্ষতা, কর্মনিষ্ঠা ও মানবিক ব্যবহারের মাধ্যমে স্থানীয় মানুষের মন জয় করেছিলেন।
তার দায়িত্বকালে লামার সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নতি ঘটে। সড়কে যানবাহনের শৃঙ্খলা ফিরে আসে, যানজট অনেকটা কমে যায় এবং যাত্রী ও চালকদের ভোগান্তি হ্রাস পায়। স্থানীয়দের মতে, তিনি শুধু কঠোর আইন প্রয়োগকারী কর্মকর্তা ছিলেন না, বরং জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক ব্যবহার করতেন।
শাহাদাতের আকস্মিক বদলিতে লামাবাসীর মধ্যে হতাশা দেখা দিয়েছে। সাধারণ মানুষ, গাড়িচালক ও ব্যবসায়ীরা মনে করছেন, তার বিদায়ের মাধ্যমে লামা একজন যোগ্য ও জনবান্ধব ট্রাফিক কর্মকর্তাকে হারালো।
তবে লামার জনগণ আশা করছেন, নাইক্ষ্যংছড়িতে দায়িত্ব পালনকালে সার্জেন্ট কাজী মোহাম্মদ শাহাদাত একইভাবে জনসেবা অব্যাহত রাখবেন। পাশাপাশি তারা প্রত্যাশা করছেন, লামায় নতুন সার্জেন্টও সমান দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে এলাকার ট্রাফিক ব্যবস্থাপনা মসৃণ রাখবেন।