যশোর প্রতিনিধি।।

যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের চন্ডিপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিমন হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমন ওই গ্রামের ঘেরচাষী আজিজুর রহমান সানার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালবেলায় রিমন বাড়ি থেকে বের হয়ে ঘেরে পানি তোলার মোটরের লাইন ঠিক করতে যায়। এরপর দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। পরে তারা খুঁজতে খুঁজতে ঘেরে পৌঁছালে রিমনকে বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্বজনরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এলাকাবাসী জানান, ঘেরের মোটরের বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দেওয়ায় রিমন সেটি মেরামতের চেষ্টা করছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের স্পর্শে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। রিমন পড়াশোনার পাশাপাশি বাবার ঘেরে কাজকর্মে নিয়মিত সহযোগিতা করত। অল্প বয়সে তার অকাল মৃত্যুতে পরিবারে যেমন অপূরণীয় ক্ষতি হয়েছে, তেমনি এলাকাবাসীও হতবাক হয়ে পড়েছেন।