মুন্সিগঞ্জ প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মুন্সিগঞ্জ জেলার তিনটি আসনই চূড়ান্ত করা হয়েছে। যদিও সীমানা পুনর্নির্ধারণের জন্য কিছু আবেদন জমা পড়েছিল, তবুও জনসংখ্যার ভারসাম্য রক্ষার জন্য তিন আসন বিশিষ্ট জেলাগুলোতে কোনো পরিবর্তন আনা হয়নি। আপিল শুনানিতেও এই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করা হয়েছে এবং শিগগিরই এর প্রজ্ঞাপন গেজেটে প্রকাশিত হবে।

এর আগে, গত ৩০ জুলাই ৩০০ আসনের একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল। সেখানে ২৬১টি আসনের সীমানা অপরিবর্তিত রাখা হয় এবং ৩৯টি আসনে আংশিক পরিবর্তন আনা হয়েছিল। এর মধ্যে গাজীপুরে একটি আসন বাড়ানো এবং বাগেরহাটে একটি কমানোর প্রস্তাব ছিল। খসড়া প্রকাশের পর আসন সীমানা নিয়ে ১০ আগস্ট পর্যন্ত আপত্তি ও সুপারিশ জানানোর সময় দেওয়া হয়েছিল। এই সময়ের মধ্যে মোট ১ হাজার ৮৯৩টি আবেদন জমা পড়েছিল।

প্রাপ্ত আবেদনগুলোর ওপর ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত চার দিনব্যাপী শুনানি অনুষ্ঠিত হয়। সেই শুনানি পর্যালোচনা করে কমিশন এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, এই নতুন আসন বণ্টন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকেই কার্যকর হবে।

উল্লেখ্য, ২০০৭ সালের আগে মুন্সিগঞ্জের ৬টি উপজেলা নিয়ে ৪টি আসন ছিল। সে সময় শ্রীনগর-সিরাজদিখান, লৌহজং-সিরাজদিখান, টংগিবাড়ী-মুন্সিগঞ্জ সদর এবং গজারিয়া ও মুন্সিগঞ্জ সদরের বাকি অংশ নিয়ে আসনগুলো গঠিত ছিল। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় এই ৬টি উপজেলাকে তিনটি আসনে বিভক্ত করা হয় এবং এরপর থেকে এই বিন্যাসে তিনটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।