নাটোর প্রতিনিধি।।
গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, পরাজিত ফ্যাসিবাদ চলে গেছে, কিন্তু তাদের ষড়যন্ত্র এখনও চলমান। বাংলাদেশের জনগণ ও তরুণ সমাজ এ ফ্যাসিবাদকে দমন ও প্রতিহত করবে।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আদিলুর রহমান খান বলেন, পরাজিত ফ্যাসিবাদ চলে গেছে, ভেবে কেউ যেন মনে না করে তারা আর ষড়যন্ত্র করবে না। ফ্যাসিবাদ বারবার ফিরে আসার চেষ্টা করে। তাকে দমন করতে হবে, প্রতিহত করতে হবে। তিনি আরও যোগ করেন, বাংলাদেশের তরুণ সমাজ ও জনগণ তাদের দমন ও প্রতিহত করবে। বাংলাদেশ যে লক্ষ্য অর্জনের জন্য ৫ আগস্ট ঘুরে দাঁড়িয়েছিল, সেই লক্ষ্য অক্ষুণ্ণ থাকবে।

তিনি অতীতের ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের স্মৃতিচারণ করেন। বলেন, সেদিনের গুম, খুন, আয়নাঘর এবং মানুষের অধিকার হরণ ছিল। সেই অধিকার আদায়ে সংগ্রাম এখনও অব্যাহত। একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল, সারাদেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিল। দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পর দেশ আজ মুক্ত।

বিচার এবং সংস্কার প্রসঙ্গে তিনি জানান, বিচারকে দৃশ্যমান করার প্রক্রিয়া চলমান, সংস্কারও আমরা এগিয়ে নিতে চাই। তৃতীয় কাজ হচ্ছে নির্বাচন। আমরা চেষ্টা করছি, সংস্কারের কাজ যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে। এটি গণঅভ্যুত্থানের সরকার, তাই অঙ্গীকার বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।

অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গৃহায়ণ মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াতসহ শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধারা।

উল্লেখযোগ্য, উপদেষ্টা আদিলুর রহমান খান সকালে শহরে অবস্থিত জুলাই শহীদদের কবর জিয়ারত করেন এবং শুক্রবার রাতেও স্থানীয় শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভা করেন।