অনলাইন ডেস্ক।।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সাম্প্রতিক কয়েকটি ঘটনার কারণে কিছুটা খারাপ হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি গত কয়েক দিনের ঘটনায় একটু খারাপের দিকে গেছে। আমরা চেষ্টা করব দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনতে।

রাজবাড়ীর ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজবাড়ীর ঘটনা আমরা তদন্ত করছি। তদন্ত প্রতিবেদন আসার পর বিস্তারিত জানানো সম্ভব হবে। ইতোমধ্যেই পাঁচজনকে আইনের আওতায় আনা হয়েছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের পর পুরো ঘটনা পরিষ্কার হবে।

ডিসি ও এসপি দায়িত্বে থাকায় নিরপেক্ষ তদন্ত সম্ভব হবে কি না—এ প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কাদের গাফিলতি হয়েছে, সেটা তদন্ত শেষে বলা যাবে। আগে থেকে সরিয়ে দিলে তদন্তের গুরুত্ব নষ্ট হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

মোব প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হচ্ছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, না, আমরা ব্যর্থ হচ্ছি না। সমস্যা হচ্ছে অসহিষ্ণুতা। যারা এসব ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে। সবাইকে ধৈর্যশীল হতে হবে।

নির্বাচনে জনগণের অংশগ্রহণে কোনো প্রভাব পড়বে কি না—এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন তাদের কেউ বাধা দিতে পারবে না। ভোটকেন্দ্রে যেতেও কেউ প্রতিহত করতে পারবে না।