স্পোর্টস ডেস্ক।।
অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা আগেই শেষ হয়েছে বাংলাদেশের। বাকি ছিল বাছাই পর্বের নিয়ম রক্ষার ম্যাচ। মঙ্গলবার সেই ম্যাচে ১২ মিনিটের ঝড়ে সিঙ্গাপুরকে হারিয়ে দিয়েছে লাল সবুজের যুব ফুটবলাররা। প্রতিপক্ষকে হারিয়েছে ৪-১ গোলে। ফলে সান্তনার জয় নিয়ে দেশে ফিরবে মোরসালিনরা।
‘সি’ গ্রুপ খেলা বাংলাদেশ এর আগে হেরেছে ইয়েমেন ও স্বাগতিক ভিয়েতনামের কাছে। ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। বিরতি শেষেও দুই দলের কাছে ধরা দিচ্ছিল না গোল।
সিঙ্গাপুরের বিপক্ষের ম্যাচে যখন গোলের দেখা পাওয়া গেল ততক্ষণে ম্যাচের সময় গড়ায় ৭০ মিনিটে। ডেডলকটা দেখার মতো ভাঙলেন ফাহমিদুল। প্রায় ২৫ গজ থেকে দুরপাল্লার জোরালো শটে। তার শট ঠেকাতে বাঁদিকে ঝাঁপ দিলেও বলের নাগাল আর পাননি সিঙ্গাপুরের গোলরক্ষক। সেই গোলের উদযাপন শেষ হতে না হতেই বাংলাদেশকে দ্বিতীয় লিড এনে দেন আল আমিন। ডান প্রান্তের বক্স থেকে দুরের পোস্টে বলকে জালে জড়িয়ে দেন তিনি।
এর আট মিনিট পর বাংলাদেশকে তৃতীয় গোলটি করেন মহসিন আহমেদ। আর সিঙ্গাপুরের জালে শেষ গোলটি করেন মোরসালিন। অন্যদিকে যোগ করা সময়ের প্রথম মিনিটে প্রতিপক্ষের হয়ে ব্যবধান কমানো গোলটি করেন নাদিম রাহিম।