খেলাধুলা ডেস্ক।।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিজ দেশ পর্তুগালে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। পর্তুগিজ লিগের আয়োজনে অনুষ্ঠিত এক গালায় ৪০ বছর বয়সী এই স্ট্রাইকারকে ভোটে নির্বাচিত করা হয়েছে ‘সর্বকালের সেরা খেলোয়াড়’ হিসেবে।
আল-নাসরের হয়ে খেলার পাশাপাশি রোনালদোকে আয়োজকরা অভিহিত করেছেন ‘খেলাধুলার অনিবার্য মুখ ও কোটি ভক্তের আইডল’ হিসেবে। পুরস্কার গ্রহণের সময় পাঠানো ভিডিও বার্তায় রোনালদো বলেন, এটি আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত। আমার সব সতীর্থ, কোচ এবং যারা আমাকে উন্নতির পথে সাহায্য করেছেন, তাদের প্রতি ধন্যবাদ।
পর্তুগিজ ফার্স্ট ডিভিশনের পক্ষ থেকে বলা হয়েছে, রোনালদো এক যুগকে সংজ্ঞায়িত করেছেন। তার পরিশ্রমী মানসিকতা, প্রতিযোগিতার স্পৃহা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা তাকে পরিসংখ্যানের বাইরে এক ভিন্ন উচ্চতায় পৌঁছে দিয়েছে। ব্যক্তিগত রেকর্ড, দলীয় শিরোপা ও বিশ্বব্যাপী প্রভাব মিলিয়ে তিনি ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা হিসেবে বিবেচিত।
জাতীয় দলের জার্সিতেও রোনালদো রেখেছেন বিশেষ ছাপ। পর্তুগালের হয়ে তিনি সর্বোচ্চ ২২৩ ম্যাচ খেলেছেন এবং ১৪১ গোল করেছেন। এছাড়াও, রোনালদো সরাসরি অবদান রেখেছেন পর্তুগালের তিনটি বড় শিরোপায়—২০১৬ ইউরো, ২০১৯ এবং ২০২৫ নেশনস লিগ জয়।