দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

চুয়াডাঙ্গার দর্শনায় স্বর্ণ বন্ধক লেনদেনের জেরে জুয়েলারি ব্যবসায়ী সঞ্জয় কুমার সান্তারাকে হাতুড়ি দিয়ে গুরুতর জখম করার চারদিন পর আসামি রিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৯ সেপ্টেম্বর দুপুর সাড়ে ২টার দিকে দর্শনা পুরাতন বাজার দোয়েল চত্বরের বন্ধু জুয়েলার্সে এ ঘটনা ঘটে। দোকানের মালিক সঞ্জয় কুমার সান্তারার সঙ্গে রামনগর কালিদাসপুর মহল্লার ফারুক হোসেনের ছেলে রিমন হোসেন (৩৭) স্বর্ণ বন্ধক ও সুদের টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পূর্বপরিকল্পিতভাবে রিমন হাতুড়ি দিয়ে সঞ্জয়ের মাথায় আঘাত করে পালিয়ে যায়। এতে সঞ্জয় গুরুতর রক্তাক্ত জখম হন।

ঘটনার পর সঞ্জয় থানায় এজাহার দায়ের করলে নিয়মিত মামলা রুজু করা হয়। এরপর থেকেই দর্শনা থানা পুলিশ, সিসিআইসি ও ডিবি যৌথভাবে আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। প্রাথমিক তদন্তে জানা যায়, রিমন ৭ সেপ্টেম্বর কিছু স্বর্ণ বন্ধক রেখে ১ লাখ ২০ হাজার টাকা গ্রহণ করেছিলেন। শর্ত ছিল, এক ঘণ্টার মধ্যে টাকা ফেরত দিলে ৬ হাজার টাকা দিতে হবে এবং ১৫ দিনের মধ্যে ফেরত দিলেও একই অঙ্ক পরিশোধ করতে হবে। কিন্তু ৯ সেপ্টেম্বর টাকা ফেরত দিতে গেলে সুদের অঙ্ক নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। এ নিয়েই হামলার ঘটনা ঘটে।

অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর বলেন, “পুরাতন বাজারের বন্ধু জুয়েলার্সে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। গ্রেপ্তারের পর আসামি রিমন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলার কথা স্বীকার করেছেন। তিনি স্বর্ণ বন্ধক ও সুদের টাকা নিয়েই ব্যবসায়ীর সঙ্গে দ্বন্দ্বে জড়ান।”

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে গত ১৫ সেপ্টেম্বর রাত ১২টা ৪৫ মিনিটে দর্শনা থানার এসআই মো. মাসুদুর রহমান ও এসআই মো. আশিকুল হক সঙ্গীয় ফোর্সসহ রিমনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, সুদের কারবারকে কেন্দ্র করে এমন অশান্তি শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, বরং সমাজকেও বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তারা দাবি করেন, শুধু আসামি গ্রেপ্তার নয়, এ ধরনের অবৈধ সুদ ব্যবসার মূল চক্রকে আইনের আওতায় আনতে হবে।

আজ সকালে গ্রেপ্তারকৃত আসামি রিমনকে আদালতে সোপর্দ করার পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।