অনলাইন ডেস্ক।।
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে নতুন একটি অ্যাপ চালু করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, এবারের পূজা গতবারের চেয়েও বেশি উৎসবমুখর পরিবেশে হবে। নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করতে নতুন অ্যাপ চালু করা হয়েছে। পূজার সময় কোথায় কী হবে—তা এই অ্যাপের মাধ্যমেই জানা যাবে।
উপদেষ্টা আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে এবং কোনো হামলার আশঙ্কা নেই। তবুও সারাদেশে ২৪ ঘণ্টা নজরদারি থাকবে। তিনি সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
সাম্প্রতিক গুজবের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত ৫ আগস্টের পর থেকে একটি গোষ্ঠী বিভিন্নভাবে সনাতন ধর্মাবলম্বীদের উস্কে দেওয়ার চেষ্টা করছে। তারা মিথ্যা প্রচার চালিয়েছে যে ৫ লাখ হিন্দুধর্মাবলম্বী দেশ ছেড়ে চলে গেছে এবং কান্তজীর মন্দির ভেঙে ফেলা হয়েছে।
এদিকে, গুজব প্রতিরোধে সাংবাদিকদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টের মহাসচিব এস. এন. তরুণ দে।