জাতীয় নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালুর দাবিতে যশোরের অভয়নগরে লিফলেট বিতরণ করেছে জামায়াতে ইসলামী। অভয়নগর উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে নওয়াপাড়া বাজারের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীরা এ লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি এস এম মহিউল ইসলাম, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি হাফেজ আব্দুল করিম, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা অলিউল্লাহ বরকতি, নওয়াপাড়া পৌর জামায়াত ইসলামীর সভাপতি মাওলানা আলতাফ হোসেন, সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন‌ ফারাজী।

লিফলেটে উল্লেখ করা দাবিসমূহ হলো, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিআর পদ্ধতি চালু করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।