অনলাইন ডেস্ক।।

স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সক্রিয় থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমানে মাঠে ৩০ হাজার সেনাবাহিনী দায়িত্ব পালন করছে, নির্বাচনের সময় এই সংখ্যা প্রায় এক লাখে পৌঁছাবে। এছাড়াও নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার ও কোস্টগার্ডও নির্বাচনে কাজ করবে।

স্বাস্থ্য উপদেষ্টা আরও জানান, সুষ্ঠু নির্বাচন শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, নির্বাচন নির্ভর করবে জনগণের সচেতনতা ও অংশগ্রহণের ওপর।

লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, কিছু অস্ত্র এখনো বাইরে রয়েছে। চট্টগ্রামের ভৌগোলিক অবস্থা যেমন পাহাড়, সমুদ্র ও সমতল ভূমি থাকার কারণে অভিযান পরিচালনা কঠিন। তবে নির্বাচনের আগে আরও অস্ত্র উদ্ধার করা হবে। ইতোমধ্যে নির্বাচনের জন্য পুলিশের প্রশিক্ষণ শুরু হয়েছে।

পার্শ্ববর্তী দেশের গুজবের বিরুদ্ধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রথম দিকে পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর ছড়িয়েছিল। সাংবাদিকরা সঠিক সংবাদ পরিবেশন করে তা প্রতিহত করেছেন। তিনি অনুরোধ করেন, পূজা উপলক্ষে গুজবের প্রচার রোধে সাংবাদিকরা আগের মতো ভূমিকা পালন করবেন যাতে জনগণ সঠিক তথ্য পায়।