যশোরে টিকটকের মাধ্যমে প্রেমের সম্পর্ক তৈরি করে এক বিশেষ বাহিনীর সদস্যকে ‘হানি ট্র্যাপে’ ফেলে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। ওই যুবককে বাড়িতে ডেকে জোর করে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হয় এবং সেই মুহূর্তের ভিডিও ধারণ করে মোটা অঙ্কের টাকা দাবি করে চক্রটি।

ভুক্তভোগী ওই বিশেষ বাহিনীর সদস্যের দায়ের করা মামলা সূত্রে জানা যায়, টিকটকের মাধ্যমে রিনা আক্তার সোনিয়া নামে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। সোনিয়া নিজেকে ২১ বছর বয়সী বলে পরিচয় দেন এবং নিয়মিত হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখেন। গত ১৩ সেপ্টেম্বর সোনিয়ার অনুরোধে দেখা করতে এলে তাকে ধর্মতলা ও মুড়লী মোড় ঘুরিয়ে সুজলপুর গ্রামের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে সোনিয়া জোর করে ওই যুবকের সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। এ সময় চক্রের অন্য সদস্যরা ভিডিও ধারণ করে।

ভিডিও দেখিয়ে তাৎক্ষণিকভাবে ওই যুবকের কাছে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। মানসম্মানের ভয়ে তিনি প্রথমে ১১ হাজার টাকা দিয়ে মুক্তি পান। এরপর সোনিয়া আরও ২৫ হাজার টাকা দাবি করে এবং টাকা না দিলে ভিডিও ভাইরাল করার হুমকি দেন।

ভুক্তভোগী মোবাইল বন্ধ করে দিলে গত ১৮ সেপ্টেম্বর সোনিয়া তার কর্মস্থলে গিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করেন। বিষয়টি নজরে আসার পর বিশেষ বাহিনীর নিজস্ব তদন্তে এই ব্ল্যাকমেইল চক্রের মূল রহস্য উদঘাটন হয়। সেই ভিডিও ও নগদ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন: যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের রিনা আক্তার সোনিয়া, ভেকুটিয়া সুজলপুরের বাইতুল আমান সাগর এবং সুজলপুর উত্তরপাড়ার শফিকুল ইসলাম সোহাগ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আল আমিন জানান, চক্রটি পেশাদার ব্ল্যাকমেইলার। তারা মূলত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টার্গেট করে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিত। আটক তিনজন জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই চক্রের সাথে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।