অনলাইন ডেস্ক।।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত, এবং নাগরিক ঐক্য ও এনসিপি উভয় দলকেই প্রতীকটি দেয়া হয়নি। কারণ, প্রতীকটি নিয়ে একাধিক আবেদন থাকায় কাউকেই এটি দেয়া সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শাপলা প্রতীক সবার আগে নাগরিক ঐক্য চেয়েছিল, তাদের দেয়া হয়নি। পরে এনসিপি চেয়েছে। তাই কাউকেই দেয়া হয়নি। ইসি কারও চাপে চলে না, নিরপেক্ষভাবেই কাজ করে।

সিইসি আরও বলেন, “শাপলা প্রতীক না দিলে নির্বাচন হবে না”—এনসিপি নেতার এই বক্তব্যকে ইসি হুমকি মনে করছে না। তিনি বলেন, রাজনীতিবিদরা অনেক কিছু বলেন, আমরা শুনে যাই, কিন্তু কমিশন তার দায়িত্ব পালন করে যাবে। আমরা দেশপ্রেমিক, দেশদ্রোহী নই।

তিনি প্রশ্ন তোলেন, প্রথমে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না শাপলা প্রতীক চেয়েছিলেন, তখন আলোচনা হয়নি—এখন কেন এত আলোচনা?

সিইসি নাসির উদ্দিন জানান, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সংবিধান ও আরপিও অনুযায়ী পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে ভোটের কোনো সুযোগ নেই। তিনি বলেন, নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টাও ফেব্রুয়ারিকে সম্ভাব্য সময় হিসেবে উল্লেখ করেছেন।

সিইসি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। পাশাপাশি, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে কয়েক দিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে, কারণ তথ্য যাচাই-বাছাই প্রক্রিয়া এখনো চলমান।

রমজানের আগেই নির্বাচন শেষ করার লক্ষ্যে কমিশন কাজ করছে জানিয়ে সিইসি বলেন, আমরা একটি ঐতিহাসিক নির্বাচন করতে চাই। প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশন সফল হবে বলে আমরা আশাবাদী।