জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তবে তাঁর এই আন্তর্জাতিক সফর রাজনৈতিক বিতর্ক ও জনআলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সফরসঙ্গীদের সংখ্যাকে ঘিরে।

সরকারি নথি অনুযায়ী, প্রতিনিধি দলে রয়েছেন ১০৪ জন। অথচ প্রকাশিত সরকারি পুস্তিকায় এই সংখ্যা দেখানো হয়েছে মাত্র ৬২ জন। এই গরমিল ঘিরে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল। এর ফলে সরকারের কর্মকাণ্ডে বিশ্বাসযোগ্যতা ও জবাবদিহির ঘাটতি নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে।

অন্তর্বর্তী সরকার ‘নির্দলীয়’ দাবি করলেও, এই সফরে অংশ নিয়েছেন তিনটি রাজনৈতিক দলের ছয়জন নেতা। তাঁদের মধ্যে রয়েছেন— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াতের যুক্তরাষ্ট্র শাখার মুখপাত্র মোহাম্মদ নকিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

এমন অংশগ্রহণ রাজনৈতিক সরকারের পূর্বের কর্মকাণ্ডের সঙ্গে মিল রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তী সরকার কি আদতেই নিরপেক্ষ, নাকি পুরোনো প্রথার পুনরাবৃত্তি করছে?

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এই সফরকে ঘিরে তীব্র হতাশা প্রকাশ করেছে। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, রক্তক্ষয়ী আন্দোলনের পর গঠিত একটি সরকারের কাছ থেকে স্বচ্ছতা ও দায়িত্বশীলতা আশা করা স্বাভাবিক। অথচ তারা পুরোনো কর্তৃত্ববাদী সংস্কৃতি অনুসরণ করছে।

তিনি আরও জানান, ২০২৪ সালে ৫৭ সদস্যের দল পাঠানো হলেও এবার ১০৪ জন নিয়ে যাওয়ার মধ্যে স্পষ্টভাবে সরকারের নিজস্ব নীতির বিরোধিতা দেখা যাচ্ছে।

কূটনৈতিক সূত্র বলছে, সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশসহ অধিকাংশ দেশের সরকারপ্রধান সীমিত সফরসঙ্গী নিয়ে যোগ দেন। এমনকি যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন – এসব পরাশক্তিও শতাধিক প্রতিনিধিদল পাঠানো থেকে বিরত থাকে। ব্যতিক্রম দেখা যায় কিছু দুর্নীতিগ্রস্ত ও সুশাসনবর্জিত দেশে।

টিআইবি জোরালোভাবে প্রশ্ন তুলেছে— এই প্রতিনিধিদের জাতীয় স্বার্থে কী ভূমিকা? আলোচ্য বিষয়গুলোর সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কতটুকু? জনগণের করের টাকায় এই ব্যয়ের কতটা যৌক্তিকতা আছে?

বিশ্লেষকদের মতে, এত বড় প্রতিনিধি দল আসলে সরকার কতটা “পরিবর্তিত” বা “দায়িত্বশীল” তা নিয়েই সন্দেহ তৈরি করছে। অন্তর্বর্তী সরকার যদি ক্ষমতাসীন দলের অনুকরণে একই চর্চা চালিয়ে যায়, তবে তা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একটি নেতিবাচক বার্তা হতে পারে।

জাতিসংঘের মতো একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণ অবশ্যই রাষ্ট্রের জন্য মর্যাদার বিষয়। তবে সেই সুযোগকে অকারণে বিশাল প্রতিনিধি দলের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করা দায়িত্বশীলতা নয়। জনগণ জানতে চায়—এই খরচ, এই অংশগ্রহণ, এই প্রতিনিধিত্ব—সবকিছুর পেছনে রয়েছে কী যুক্তি?