আন্তর্জাতিক ডেস্ক।।
আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও তালেবান সরকারের মধ্যে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিকে যুক্তরাষ্ট্রের সম্পত্তি দাবি করে তা ফেরত চেয়েছেন। ফেরত না দিলে তিনি কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছেন। তবে তালেবান সরকার ট্রাম্পের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে।
এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আফগানিস্তানের পাশে অবস্থান নিয়েছে বিশ্বের তিন পারমাণবিক শক্তিধর দেশ—চীন, রাশিয়া, ইরান—এবং প্রতিবেশী পাকিস্তান। বার্তা সংস্থা আনাদোলুর খবরে জানানো হয়েছে, এই চারটি দেশ আফগানিস্তানে যেকোনো ধরনের সামরিক ঘাঁটি পুনঃস্থাপনের তীব্র বিরোধিতা জানিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে একটি অনানুষ্ঠানিক বৈঠকে চীন, রাশিয়া, ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিরা অংশ নেন। ওই বৈঠকে আফগানিস্তানের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান জানিয়ে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, “আফগানিস্তান ও আশেপাশের অঞ্চলে কোনো ধরনের সামরিক ঘাঁটি পুনঃস্থাপনের আমরা দৃঢ়ভাবে বিরোধিতা করি।” বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি, চীনের আফগানিস্তানবিষয়ক বিশেষ দূত ইউ জিয়াওয়ং এবং পাকিস্তানের সিনিয়র কূটনীতিক উমর সিদ্দিক।
এদিকে কাবুলের তালেবান সরকার জানিয়েছে, তারা তাদের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনো ধরনের আলোচনা করতে আগ্রহী নয়। একই সঙ্গে ট্রাম্পকে ২০২০ সালের দোহার চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি মানার আহ্বান জানিয়েছে তালেবান নেতৃত্ব।
উল্লেখ্য, দুই দশকের দীর্ঘ যুদ্ধের পর ২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশি সেনা আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিলে তালেবান পুনরায় ক্ষমতায় আসে। সেই থেকেই দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনার পারদ চড়ছে।
সূত্র: আনাদোলু