অনলাইন ডেস্ক।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান আমির ডা. শফিকুর রহমানের তিন বছরের মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। এ অবস্থায় দলটি নতুন আমির নির্বাচন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, যা আগামী কয়েক মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা।
দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, প্রতিটি আমিরের মেয়াদ তিন বছর এবং মেয়াদ শেষ হওয়ার আগে নতুন আমির নির্বাচন হয়। যদিও জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও, জামায়াত তার আগেই নতুন আমির নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
নির্বাচনের আগে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যরা তিনজনের সম্ভাব্য আমির প্যানেল ঘোষণা করেন, যার মধ্য থেকে একজন নতুন আমির নির্বাচিত হবেন। তবে দলীয় রীতিতে ভোটাররা প্যানেলের বাইরের কাউকেও ভোট দিতে পারেন। সাধারণত প্যানেল থেকে একজন আমির নির্বাচিত হন এবং প্যানেলের নাম ভোট শুরুর আগ পর্যন্ত গোপন রাখা হয়।
ডা. শফিকুর রহমান ২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবারের মতো আমির নির্বাচিত হন। এরপর ২০২০ সালের ৫ ডিসেম্বর শপথ নিয়ে তাঁর প্রথম মেয়াদ শুরু হয়। ২০২২ সালে দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার পর এবার তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। দলের নেতারা জানাচ্ছেন, মাঠ পর্যায়ে তাঁর সক্রিয়তা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং মানবিক সহমর্মিতার কারণে তিনি দলের মধ্যে ও সমর্থকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন।
বিশেষ করে ২০২৩ সালের ৫ আগস্টের পর থেকে দলের কার্যক্রমে তাঁর ভূমিকা ইতিবাচক প্রভাব ফেলেছে। যদিও গত জুলাই মাসে দলের মহাসমাবেশে অসুস্থ হয়ে পড়েন এবং অপারেশনের পর দীর্ঘদিন বিশ্রাম নেন, বর্তমানে আবার নিয়মিত সভা-সমাবেশে অংশ নিচ্ছেন।
জামায়াতের এক নেতা বলেন, বর্তমান আমির দেশের জন্য নতুন স্বপ্ন দেখাচ্ছেন এবং ভালো কাজ করছেন। দলের রুকনরা তাঁকে পুনরায় আমির নির্বাচিত করতে পারেন, যদিও প্যানেলের বাইরে থেকেও কেউ নির্বাচিত হতে পারে।
নির্বাচন প্রক্রিয়া মোটামুটি দীর্ঘ, সারা দেশে ছড়িয়ে থাকা দলের রুকনদের গোপন ভোটের মাধ্যমে আমির নির্বাচন সম্পন্ন হয়। ভোটগ্রহণ ও গণনা আগামী তিন মাসের মধ্যে শেষ হয়ে নতুন আমির ডিসেম্বরেই শপথ নেবেন।
নির্বাচনের প্রধান দায়িত্ব পালন করছেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, সহযোগী হিসেবে আছেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।
জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬, ২০২৭ ও ২০২৮ সালের জন্য নতুন আমির নির্বাচিত হবেন। কোনো নির্দিষ্ট প্রার্থী না থাকলেও মজলিসে শুরা মনোনীত তিনজনের প্যানেল ভোট শুরুর সময় জানানো হয়।
দলীয় সূত্র জানায়, অতীতেও বৈরী রাজনৈতিক পরিবেশে মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন হয়েছে, এমনকি কঠিন পরিস্থিতিতেও অনলাইনে নির্বাচন থেমে ছিল না।
বর্তমানে ভোটের সময় ও স্থান নির্ধারণ হয়নি, তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন ও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
ডা. শফিকুর রহমান ১৯৯৮ সালে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হিসেবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এরপর তিনি সিলেট মহানগর আমির, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ সদস্য, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তাঁর পূর্ববর্তী আমির ছিলেন মকবুল আহমদ (২০১৮-২০২০), যিনি ২০২১ সালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার আগে মাওলানা মতিউর রহমান নিজামী ২০০০ থেকে ২০১৬ সাল পর্যন্ত দলের আমির ছিলেন।
জামায়াতের আমির নির্বাচিত হলেও দলের সেক্রেটারি মনোনয়ন আমিরের পছন্দমতো হয়, যা দলীয় পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।