যশোর প্রতিনিধি।।
যশোরে এক তরুণীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। বুধবার রাতে মামলাটি করেছেন ওই তরুণীর চাচা। আসামি করা হয়েছে যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামের মৃত মহসিন বিশ্বাসের ছেলে সাগর হোসেনকে। মঙ্গলবার ওই তরুণী আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করেছেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, ওই তরুণীর বাবা ১০ বছর আগে মারা গেছেন। তার মা অন্যত্র বিয়ে করে সেখানেই সংসার করছেন। মেয়েটি তার চাচার বাড়িতে থাকে। সাগর তাদের বাড়িতে প্রায়ই যাতায়াত করতেন। মেয়েটিকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন সাগর। বিষয়টি যাতে কাউকে না বলা হয় সেজন্য নানা ধরনের হুমকি-ধমকিও দিচ্ছিলেন। এমনকি ওই কিশোরীকে বিয়ের প্রলোভনও দেন সাগর।

সর্বশেষ গত ২৮ এপ্রিল সাগর মেয়েটিকে ধর্ষণ করে। গত ২৯ সেপ্টেম্বর সকালে মেয়েটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম করে ডাক্তাররা জানান, মেয়েটি ৫ মাস দুই দিনের অন্তঃসত্ত্বা। বিষয়টি জানতে পেরে সাগর মেয়েটির গর্ভের সন্তান নষ্ট করার জন্য চেষ্টা করে। পরে মেয়েটি তার পরিবারকে বিষয়টি খুলে বলেন। পরিবার কোতোয়ালি থানায় মামলা করে।