অনলাইন ডেস্ক।।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ শুক্রবার ভোর ৫টা ৪২ মিনিটে হ্যাকড হয়েছে। হ্যাকার গ্রুপ পেজের প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের লোগো এবং হুমকিপূর্ণ বার্তা প্রকাশ করেছে।
হ্যাকাররা দাবি করেছে, ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং শিগগিরই তাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালানো হবে। বার্তায় ‘Team MS 47OX’ নামও উল্লেখ করা হয়েছে।
ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, আজ ভোরে পেজটি হ্যাকড হয়েছে। বিষয়টি সমাধানে ব্যাংকের আইটি বিভাগ কাজ করছে।
ঘটনার পর ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কিছু গ্রাহক অস্বাভাবিক পোস্ট দেখার কথা জানিয়েছেন। তবে, এ ঘটনার কারণে ব্যাংকের অনলাইন সেবা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।