অনলাইন ডেস্ক।।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ১৯৮৭ সালে দল প্রতিষ্ঠার পর আমরা নানা ভয়ভীতি, হুংকার আর হামলায় অভ্যস্থ। অনেক রক্ত ঝরিয়েছি। এখন কোনো কিছুতেই ভয় পাই না। কুমিরকে সর্দির ভয় দেখাবেন না। কুমির পানিতেই থাকে। আমাদের আবার পানিতে নামাবেন কি?
শনিবার (৪ অক্টোবর) বিকেলে বাঞ্ছারামপুর মওলাগঞ্জ বাজার মাঠে গণসমাবেশে উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ শাখার সভাপতি সামসুল হক সুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন চরমোনাই পীর রেজাউল করিম।
তিনি বলেন, স্বাধীনতার পরে যারা দেশ শাসন করেছে তারা বারবার দেশকে চোরের দিক থেকে চ্যাম্পিয়ন করেছে। দেশের টাকা বিদেশে পাচার করে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে বেগমপাড়া তৈরি করেছে। দেশকে গুম ও খুনের রাজ্যে পরিনত করেছে। বিশ্বের মাঝে দেশকে একটি লজ্জাজনক অবস্থায় পৌঁছে দিয়েছিলো। ফলশ্রুতিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। এসব অনাচারের মূল কারণ আল্লাহর আইন বাদ দিয়ে মানবরচিত কুফরি আইন বাস্তবায়ন করা।