যশোর প্রতিনিধি।।

যশোরের মণিরামপুরে গ্রীনলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় মোসলেম উদ্দীন বিশ্বাস (৭৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত মোসলেম বিশ্বাস সুন্দলপুর বাজার এলাকার মৃত নসিম বিশ্বাসের ছেলে। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটে যশোর-চুকনগর সড়কের মণিরামপুর উপজেলার সুন্দলপুর বাজারে।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে সুন্দলপুর বাজার জামে মসজিদে আসরের নামাজ শেষ করে মেইন সড়কের রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ মোসলেম বিশ্বাস। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রীনলাইন পরিবহনের একটি বাস (নম্বর: ঢাকা মেট্রো ব ১১-৫২৯৬) তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাফিদা খাতুন তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ছেলে সাইফুল ইসলাম জানান, তার পিতা আসরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় রাস্তা পার হওয়ার এ দুর্ঘটনা ঘটে। তবে বাসটি অনেক দ্রুত গতিতে আসছিল।

মণিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।