মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি।।

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৪ অক্টোবর ) সকাল ৯টা ৩০ মিনিটে মহেশপুর ৫৮ বিজিবির বাঘাডাংগা বিওপির টহল দল তাদের আটক করে।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাঘাডাংগা গ্রামের সীমান্ত পিলার ৬০/৩৭ আর থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মো. শফিকুল ইসলামের জমির উপর থেকে নিয়মিত টহলরত দলটি তাদের আটক করে। টহল দলের নেতৃত্বে ছিলেন হাবিলদার সাইফুর রহমান। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।
বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।