অনলাইন ডেস্ক।।
জুলাই সনদে স্বাক্ষর জাতির ইতিহাসে একটি স্মরণীয় দিন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে।’
শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে, ততদিন এটি জাতির জন্য স্মরণীয় হয়ে থাকবে। আজকের শহীদদের আত্মত্যাগ, রক্তদান, এই জাতির আকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশা-সবকিছু কেবল শুরু হলো।’
তিনি আরও বলেন, ‘এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে গণতান্ত্রিক এবং সাংবিধানিক সংস্কারের রাষ্ট্রকাঠামো অর্জন করতে পারবো। সেই রাষ্ট্রকাঠামোর মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। শক্তিশালী গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান নির্মিত হবে। রাষ্ট্রের সকল ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকবে।’
তিনি বলেন, ‘সবাই জুলাই সনদ স্বাক্ষর করেছেন। যারা দুই একজন স্বাক্ষর করেননি, আশা করি তারাও ভবিষ্যতে করবেন। এটা উন্মুক্ত রাখা আছে।’
নির্বাচনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচন কীভাবে হবে সেটা সংবিধানে লেখা আছে। বিভ্রান্তি তৈরির সুযোগ নেই।’
এরপরও প্রধান উপদেষ্টা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বসতে চাইলে বসা হবে বলে জানান তিনি।
এদিকে, জুলাই জাতীয় সনদের স্বাক্ষরের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচনা হলো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অপরদিকে জুলাই সনদ বাস্তবায়ন তৈরিতে বিলম্ব হলে দেশের রাজনীতিতে সংকট দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।