চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর)। জুলাই আন্দোলনের এই মামলাটি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে প্রথম কোনো হত্যা মামলার রায় হিসেবে ইতিহাসে স্থান পেতে যাচ্ছে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রসিকিউশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

টানা পাঁচ দিন প্রসিকিউশন পক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপনের পর বুধবার (২২ অক্টোবর) তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন।
তিনি দুই আসামিকে নির্দোষ দাবি করে তাদের খালাসের আবেদন জানান।

এই মামলায় প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এসএইচ তামিম শুনানি করেন। অন্যদিকে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।

প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, “আজ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আগামীকাল প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা জবাব দেব। এরপর প্রধান প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল তাদের চূড়ান্ত বক্তব্য দেবেন। তারপর ট্রাইব্যুনাল রায় ঘোষণার তারিখ আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করবেন।”

ঐতিহাসিক এই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের পিতা ও অন্যান্য স্বজনহারা পরিবার।
স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান।
মোট ৫৪ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেছেন।

গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে।
পরবর্তীতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন।

এই মামলার বাইরে শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারাধীন। এর একটি মামলায় আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে গুম-খুনের অভিযোগ আনা হয়েছে, আর অন্যটি রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা।

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার ও এর দলীয় ক্যাডারদের বিরুদ্ধে ব্যাপক মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ ওঠে।
সরকারের অনুগত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশও এসব ঘটনায় জড়িত ছিল বলে বিভিন্ন অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়ে। বর্তমানে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অপরাধের বিচার কাজ চলছে।