অনলাইন ডেস্ক।।
রাজধানী ঢাকা এবং দেশের আরও তিনটি জেলা—গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর—সহ সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (১৬ নভেম্বর) বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এসব জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সদস্যরা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। এ পদক্ষেপের মাধ্যমে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
গত এক সপ্তাহে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ককটেল বিস্ফোরণ এবং আন্তজেলা মহাসড়কে বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে মাঠ পর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবির সক্রিয় উপস্থিতি নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে বলে জানানো হয়েছে।