অনলাইন ডেস্ক।।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করবে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়। মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রায় ঘোষণা করবেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল, এবং তা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

গত ১৩ নভেম্বর এক সংবাদ সম্মেলনে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আমরা আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছি। আদালত সুবিবেচনা প্রয়োগ করবেন। আমাদের প্রার্থনা, এই অপরাধের দায়ে আসামিদের সর্বোচ্চ সাজা প্রদান হোক।

পাঁচটি গুরুতর অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি করেছেন প্রসিকিউশন। অন্যদিকে, আসামিরা নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন। রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষেও তার আইনজীবী খালাসের আবেদন করেছেন।

মামলায় প্রসিকিউশন পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, মিজানুল ইসলাম ও গাজী এস. এইচ. তামিম, এছাড়াও অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন এবং চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে ছিলেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।

মামলায় মোট ৫৪ জন সাক্ষী ছিলেন। তাদের মধ্যে আছে গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের পরিবার এবং স্টার উইটনেস হিসেবে সাক্ষ্যদান করেছেন নাহিদ ইসলাম ও ড. মাহমুদুর রহমান।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র ও জনতার গণঅভ্যুত্থান দমনকালে আওয়ামী লীগ সরকার, দলীয় ক্যাডার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগ্রহণে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। এই মামলায় অভিযোগ দায়েরের পর ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বিচার শুরুর আদেশ দেন। একপর্যায়ে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা স্বীকার করে রাজসাক্ষী হন।

বর্তমানে এই মামলার পাশাপাশি আরও একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংশ্লিষ্ট অভিযোগের বিচার চলছে।