দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দর্শনায় গভীর রাতে একটি পার্কিং ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দর্শনা পুরাতন বাজার সংলগ্ন হাজী আব্দুল কাদেরের ভূসিমালের আড়তের সামনে রাখা বিএনপির কর্মী ইকবাল কবির জাহিদের ট্রাকটিতে বুধবার রাত আড়াইটার দিকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

ট্রাক মালিকের ভাতিজা মালেক এবং পুলিশ সূত্রে জানা যায়, দর্শনা–মুজিবনগর মহাসড়কের পাশের ওই স্থানে ট্রাকটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে অবহিত করে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্রাকের মালিক ও বিএনপির কর্মী ইকবাল কবির জাহিদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় তার ট্রাকচালক আব্দুল হাকিম ট্রাকটি আড়তের সামনে রেখে বাড়ি চলে যান। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ট্রাকে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

দর্শনা থানার ওসি (তদন্ত) সুলতান মাহমুদ ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘটনায় ট্রাক মালিক জাহিদ বাদী হয়ে থানায় মামলা করেছেন। দুষ্কৃতিকারীদের শনাক্ত ও আটক করতে ইতোমধ্যে পুলিশি অভিযান চলছে। তিনি আরও জানান, দ্রুততম সময়ের মধ্যে দায়ীদের আইনের আওতায় আনা হবে।