অনলাইন ডেস্ক।।
মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এবারও প্যারেড হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার সচিবালয়ে সার্বিক নিরাপত্তা সভার পরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সব কিছু পূর্বের মতোই হবে। গতবার প্যারেড হয়নি, এবারের বিজয় দিবসেও কোনো প্যারেড হবে না। তবে উদযাপন আরও সুন্দর ও নিরাপদভাবে অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও উল্লেখ করেন, শেখ হাসিনার রায়ের পর কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হয়নি এবং বিজয় দিবসে কোনো ধরনের অশান্তির আশঙ্কা নেই। আমরা চাই, দেশের প্রতিটি নাগরিক এই দিনটি শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারে।
এদিকে, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কাউকে আটক করা ঠিক নয়। যদিও গত রাতে একজন সাংবাদিককে বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়, পরে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই তথ্য আমার কাছে নতুন; তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
তিনি পুলিশের সম্ভাব্য অব্যবস্থাপনা সংক্রান্ত প্রশ্নের জবাবে যোগ করেন, প্রথমে তদন্ত করে দেখা হবে।
মহান বিজয় দিবসের সার্বিক প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে গ্রহণ করা হয়েছে যাতে সকলেই উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করতে পারে।