মুন্সিগঞ্জ সংবাদদাতা:
মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের আটপাড়া এলাকায় শনিবার বিকেলে ঝোপ থেকে বের হওয়া শিয়ালের আক্রমণে দুই নারী গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন ফাতেমা বেগম (৪০) ও ফজিলা বেগম (৩০)। স্থানীয়রা তাদের ২৫০ শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে যান।
আহত ফজিলা বেগম জানান, আসর নামাজের পর তিনি বাসা থেকে হাটাহাটি করছিলেন। হঠাৎ পাশের ঝোপ থেকে একটি শিয়াল বের হয়ে তার পায়ে কামড় দেয়। এর আগে একই শিয়াল প্রতিবেশী ফাতেমা বেগমকেও কামড় দিয়েছিল।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউর করিম জানান, শিয়ালের কামড়ে ফাতেমার হাতে ও ফজিলার পায়ে গুরুতর আহত হয়েছে।