চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
জীবননগর উপজেলার প্রতাপপুর গ্রামে এক নারীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে পুরো এলাকায় অস্থিরতা দেখা দিয়েছে। তবে বিষয়টির পেছনে উঠে এসেছে আরও অন্ধকার একটি চিত্র ব্ল্যাকমেইল, পরিকল্পিত ফাঁদ ও জোর করে টাকা আদায়ের অভিযোগ।

ভুক্তভোগী গৃহবধূ জানান, তার ফুপাতো দেবর নাজিম বহুদিন ধরে তাকে অনৈতিক সম্পর্কে জড়ানোর চেষ্টা চালিয়ে আসছিল। তিনি তাতে রাজি না হওয়ায় একটি পরিকল্পিত ঘটনাপ্রবাহ শুরু হয়। অভিযোগ অনুযায়ী, একটি ঘরে তার ভাসুরপুত্রকে ঠেলে ঢুকিয়ে নাজিম ও তার সহযোগীরা আপত্তিকর দৃশ্য ধারণ করেন। এরপর সেই ভিডিও দেখিয়ে তার কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করা হয়।

গৃহবধূ দাবি করেন, পরবর্তীতে পুনরায় অর্থ দাবি এবং অপমানজনক প্রস্তাবে সাড়া না দেওয়ায় প্রতিশোধ হিসেবে নাজিম ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যেই ভিডিও ভাইরাল হয়ে পড়লে তিনি মারাত্মক মানসিক আঘাতের শিকার হন। তার ভাষায় আমি সম্পূর্ণ নির্দোষ। আমাকে ফাঁদে ফেলে অপমানিত করা হয়েছে।

অভিযুক্ত নাজিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মতামত দিতে নারাজ হন। তার বক্তব্য, বিষয়টি তার মামা রফিক দেখবেন। পরদিন রফিকের সঙ্গে দেখা করলে তিনি সাংবাদিকদের বলেন, “এটা গ্রামের সালিশে দেখে নেওয়া হবে, খবরে তোলার দরকার নাই।”

ভিডিওতে থাকা ভাসুরপুত্র ইমনের বাড়িতে গেলে প্রথমে ইমনের বাবা মানিক দাবি করেন ইমন বাড়িতে নেই। পরে বাড়তি জানতে চাইলে তিনি সরাসরি কিছু না বললেও স্বীকার করেন ভিডিওর অভিযোগ তুলে নাজিম তাদের কাছ থেকে ৩ হাজার টাকা নিয়েছিল। গ্রামের লোকজনের ধারণা বখাটেদের ভয়েই পরিবারটি প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছে না।

এদিকে স্থানীয়দের অভিযোগ কিছু যুবক ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে মানুষকে হয়রানি করছে। কারও নামে বাজে মন্তব্য, কারও নামে মানহানিকর পোস্ট দেওয়া হচ্ছে। এ কারণে অনেকেই প্রকাশ্যে ক্যামেরার সামনে কথা বলতে ভয় পাচ্ছেন।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন ঘটনাস্থলে তদন্তে যাওয়া এক সাংবাদিককে ‘ইব্রাহীম’ নামে একটি ফেক আইডি থেকে মানহানিকর পোস্টের মাধ্যমে আক্রমণের শিকার হতে হয়। এতে সাধারণ মানুষের প্রশ্ন সত্য উদঘাটন করতে গেলেই কি সাংবাদিকের অপরাধ?

পুরো ঘটনা ঘিরে এখন প্রতাপপুরে চাপা উত্তেজনা। স্থানীয়দের দাবি
সঠিক তদন্তের মাধ্যমে ভিডিও ছড়ানো, ব্ল্যাকমেইল এবং চাঁদা আদায়ের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হোক। ভুক্তভোগী পরিবারকে নিশ্চিত নিরাপত্তা দেওয়া হোক।