যশোর সংবাদদাতা।।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের মধ্যে ধাওায়া পাল্টা ধাওয়া এবং উত্তেজনার কারণে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি গাড়িতে আসা শিক্ষার্থীরা শহরে আটকে আছেন। পরিস্থিতি স্বাভাবিক না হলে ক্যাম্পাসে ফিরতে পারছেননা তারা।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা সদস্য, র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি মিজানুর রহমান মিজান। দু’পক্ষের উত্তেজনার পর স্থানীয় গ্রামবাসী যশোর চৌগাছা সড়কে বড় গাছ ফেলে ব্যারিকেড দেয় এবং সড়কে আগুন জ্বালিয়ে দেয়। ফলে দু’দিকে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। রাত ৯ টার দিকে যৌথবাহিনী অভিযান চালিয়ে সড়ক থেকে গ্রামবাসীদের সরিয়ে দেয়ার কাজ শুরু করেছে।
উল্লেখ্য, এক নারী শিক্ষার্থী স্থানীয় বাজারে মোবাইল মেরামত করতে দিলে গতকাল সেটি আনতে যায়। এ সময় তাকে দোকানদার উত্যক্ত করে বলে জানায় শিক্ষার্থীরা। অপরদিকে গ্রামবাসী জানায়, এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্ররা এসে ওই দোকানীকে মারধোর করলে দুপক্ষে উত্তেজনার সৃষ্টি হয়। আজ সন্ধ্যায় এ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো যবিপ্রবি এলাকা। আশপাশের কয়েক গ্রামের মানুষ মাইকিং করে শিক্ষার্থীদের ধাওয়া করে।