অনলাইন ডেস্ক
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে পিএসসির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪-এর বিধি ১৭-এর বিধান ও ক্ষমতাবলে পিএসসি ৪৫তম বিসিএসেরক্যাডার পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করলো। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে মোট ২ হাজার ৩০৯টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৮০৭টি পদে নিয়োগের সুপারিশ করা হলো।
শিগগিরই নন-ক্যাডার পদগুলোতেও নিয়োগের সুপারিশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা পিএসসি সংরক্ষণ করে।
ফলাফল কমিশনের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া টেলিটক থেকে এসএমএসের মাধ্যমে প্রার্থীরা ফল জানতে পারবেন।
সেক্ষেত্রে PSC45Registration Number লিখে 16222-এ পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদনকারী ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন। উপস্থিতির হার ৭৭ দশমিক ২৪।