অনলাইন ডেস্ক।।

দলের নেত্রী জান্নাত আরা রুমীর মৃত্যুকে স্বাভাবিক মনে করছে না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গের সামনে এ কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

তিনি বলেন, ‘রুমী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা। তার এই মৃত্যুকে স্বাভাবিকভাবে নিচ্ছে না এনসিপি। জুলাই ঘোষণাপত্রে যোদ্ধাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা রাখা হয়নি। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এবং প্রশাসনের কোনো নির্দিষ্ট রূপরেখা নেই।’

সামান্তা শারমিন করেন, ‘রুমীকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হয়েছে এবং তিনি সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন। শুধু রুমী নন, এনসিপি ও শহিদ পরিবারের ওপরও হুমকি আসছে। দিল্লি, রাওয়ালপিন্ডি ও আমেরিকার স্বার্থ রক্ষা করা হচ্ছে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। রুমীকে আওয়ামী লীগের পক্ষ থেকেও হুমকি দেওয়া হয়েছিল।’

বৃহস্পতিবার সকালে রাজধানীর জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে রুমীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি এনসিপির ধানমন্ডি থানা (ঢাকা মহানগর দক্ষিণ) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।

বিকেল পৌনে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রুমী নওগাঁ জেলার পত্নীতলা থানার নজিরপুর গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে।

মরদেহের সুরতহাল প্রতিবেদনকারী হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, ‘আমরা রুমীর চাচাতো ভাই মেহেদী হাসানের কাছে মরদেহ হস্তান্তর করেছি। এরপর পরিবার মরদেহ নিয়ে নওগাঁর উদ্দেশে রওনা দিয়েছে।’