দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ব্যর্থ চেষ্টার পর চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত ব্যবহার করে ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। নারী, পুরুষ, বৃদ্ধা ও শিশুসহ একই পরিবারের এসব সদস্যকে বাংলাদেশি দাবি করে জোরপূর্বক সীমান্ত পার করানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। শুক্রবার সকালে অবৈধভাবে দর্শনা সীমান্ত অতিক্রম করে তারা বাংলাদেশে প্রবেশ করে। পরে তারা বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মানবিক বিবেচনায় খোলা জায়গায় অস্থায়ীভাবে তাবু করে থাকার ব্যবস্থা করেন এবং খাবার ও শীতবস্ত্র দিয়ে সহায়তা করেন।
ভুক্তভোগীদের দাবি, তারা জন্মসূত্রে ভারতের ওড়িশা প্রদেশের জগতসিংপুর জেলার জগেশ্বরপুর এলাকার বাসিন্দা। মুসলিম পরিবার হওয়ায় ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদের ওপর নির্যাতন চালিয়ে আধার কার্ড ও রেশন কার্ড কেড়ে নেয় এবং বাংলাদেশে পাঠিয়ে দেয়। তাদের মধ্যে মোট ১৪ জন সদস্য রয়েছে—৫ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু।
ঘটনার খবর সন্ধ্যার পর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেন এবং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। এরপর পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অনুপ্রবেশকারীদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তৎপরতা শুরু করে।
এদিকে জানা গেছে, এর আগের দিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর বিওপি সীমান্ত দিয়ে একই ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা চালায় বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (৪৭ বিজিবি) তৎপরতায় সে চেষ্টা ব্যর্থ হয়।
বিজিবি সূত্র জানায়, বিএসএফের আহ্বানে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া ব্যাটালিয়নের মহিষকুন্ডি বিওপিতে কর্মরত সুবেদার আসাদুজ্জামানের নেতৃত্বে ছয় সদস্যের বিজিবি প্রতিনিধিদল এবং ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নিউ উদয় কোম্পানি কমান্ডার এসি অনিল কুমারের নেতৃত্বে ছয় সদস্যের বিএসএফ প্রতিনিধিদল এতে অংশ নেয়।
বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিট থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত সীমান্তের মেইন পিলার ১৫৪/০৭ এস-সংলগ্ন ভারতের অভ্যন্তরে চাইডোবা মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে পুশ ইন চেষ্টার তীব্র প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে ওই ভারতীয় নাগরিকদের ফেরত নেওয়ার দাবি জানানো হয়।
পরবর্তীতে শূন্য লাইনে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় ও ঠিকানা যাচাই করে নিশ্চিত হওয়া যায়, তারা সবাই ভারতের ওডিশা প্রদেশের জগতসিংপুর সদর উপজেলার তারিকুন্ডা এলাকার বাসিন্দা। যাচাই শেষে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
পুশ ইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন মৃত হারুন শেখের ছেলে শেখ জব্বার (৭০), তাঁর চার ছেলে শেখ হাকিম (৪৫), শেখ ওকিল (৪০), শেখ রাজা (৩০) ও শেখ বান্টি (২৮); শেখ ওকিলের স্ত্রী শাবেরা বিবি (৩০); শেখ হাকিমের স্ত্রী শমশেরি বিবি (৪০); শেখ রাজার স্ত্রী মাইনু বিবি (২৫); শেখ জব্বারের স্ত্রী আলকনি বিবি (৬০); মৃত শেখ হোসেনের স্ত্রী গুলশান বিবি (৯০); শিশুদের মধ্যে রয়েছে শাকিলা খাতুন (১১), নাছরিন আক্তার (১২), শেখ তাওহিদ (১১) ও আড়াই বছর বয়সী শেখ রহিত।
এ ঘটনায় সীমান্ত এলাকায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। একদিকে বিজিবি ও প্রশাসনের তৎপরতা প্রশংসিত হলেও অন্যদিকে প্রশ্ন উঠেছে কুষ্টিয়া সীমান্তে ব্যর্থ হওয়ার পর কীভাবে চুয়াডাঙ্গা সীমান্ত ব্যবহার করে অনুপ্রবেশ ঘটল?
নির্বাচনকালীন স্পর্শকাতর সময়ে এ ধরনের পুশ ইন চেষ্টাকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা ও প্রশাসনিক নজরদারি আরও জোরদারের দাবি উঠেছে স্থানীয়দের মাঝে।