অনলাইন ডেস্ক।।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া বিওপির পুর্ব উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকার কিছু অংশে আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ পতাকা বৈঠকে কাঁটাতারের বেড়া দেওয়া বন্ধসহ খুলে নেওয়ার কথা দিয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে বিএসএফকে প্রতিবাদ পাঠিয়েছে বিজিবি।

শনিবার(২৭ ডিসেম্বর) ভোরে কুয়াশাচ্ছন আকাশে কয়া ক্যাম্পের আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকায় ২৮১ পিলারের সাব ৪৭, ৪৮ ও ৪৯ সাব পিলারে বিএসএফএফ সদস্যরা শূন্য রেখার কাছে কাঁটাতারের বেড়ার কাজ শুরু করেন। স্থানীয়রা বিজিবিকে খবর দিলে বিজিবি এসে বাধা দিলে কাজ বন্ধ করে চলে যায় বিএসএফ সদস্যরা। এ নিয়ে বিজিবি ও বিএসএফ সদস্যরা পতাকা বৈঠকে বসেন। সেখানে কাঁটাতার দেওয়া বন্ধ রেখে তারকাটা সরে নেওয়ার আশ্বাস দেন বিএসএফ।

উল্লেখ্য, গেল বছরের ১৯ অক্টোবর ও এ বছরের ২১ জানুয়ারি বিএসএফ সদস্যরা কিছু অংশে কাঁটাতারের বেড়া দিলে বিজিবির বাধায় বন্ধ হয়ে যায়। এরপর আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে শূন্য রেখার পাশে ২০ ফুট দুরে কাঁটাতারের বেড়া স্থাপন করে।

এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবির সহকারী পরিচালক মো. ইমরান হাসান।