আবহাওয়া ডেস্ক।।
পৌষের শেষ এসে জেঁকে বসেছে শীত। দেশে চারটি বিভাগ ও ১২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহটি আরও কিছুদিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলা এবং রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
শৈত্যপ্রবাহটি আরও কিছুদিন স্থায়ী হতে পারে জানিয়ে তিনি বলেন, তীব্র শীতের অনুভূতি আরও দুদিন থাকার সম্ভাবনা রয়েছে। এর পর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ফলে শীতের অনুভূতি কমবে।
কুয়াশার কারণে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় শীত বেশি অনূভূত হচ্ছে জানিয়ে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, কুয়াশা কিছুটা কাটতে শুরু করেছে, বুধবার সকাল ৮টার পর দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে এক ঝলক রোদের দেখা মিলছে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কুয়াশা ছিল। বৃহস্পতিবার ও শুক্রবার কুয়াশার এমন পরিস্থিতি থাকবে। এর পর কুয়াশা কিছুটা কাটতে পারে, শনিবার শীতের অনুভূতি কিছুটা কমার সম্ভাবনা আছে। তবে শীত পুরো জানুয়ারি মাসই থাকবে বলে জানিয়েছেন তিনি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। নওগাঁর বদলগাছীতে মৌসুমের সর্বনিম্ন ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ পাঁচ দিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বুধবার ও বৃহস্পতিবার সারাদেশে এবং শুক্র থেকে রবিবার নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর শনিবার রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রবিবার রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বড় এলাকাজুড়ে তাপমাত্রা ৮
থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে তাকে মৃদু শৈপ্রবাহ; ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে তাকে মাঝারি এবং সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলেন আবহাওয়াবিদরা।