শ্রাবন মাহমুদ দৈনিক পদ্মা সংবাদ।।
চুয়াডাঙ্গার দর্শনায় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। এ ঘটনায় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেল আনুমানিক ৪টার দিকে দর্শনা রেলবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন দর্শনা পুরাতন বাজার এলাকার মৃত গনি মিয়ার ছেলে ও মাংস ব্যবসায়ী মো. কালু মিয়া (৩৫), আজমপুর এলাকার মৃত বাবু মিয়ার ছেলে রয়েল এক্সপ্রেস পরিবহনের হেলপার মো. আসলাম উদ্দিন (৩০), একই এলাকার দর্শনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সুপারভাইজার জাকির হোসেন (৪৬), রেলবাজার দোকান মালিক সমিতির সদস্য শরীফসহ আরও কয়েকজন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দর্শনা–মুজিবনগর সড়কের মনোরঞ্জন মার্কেটের সামনে একটি পরিবহন বাস ঘোরানোর সময় রাস্তার ওপর রাখা ভ্যান সরানো নিয়ে পরিবহন হেলপার আসলাম উদ্দিনের সঙ্গে রেলবাজারের একটি কসাই দোকানের কর্মচারী সুজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বিরোধ হাতাহাতিতে রূপ নেয় এবং আসলাম মারধরের শিকার হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত করেন।
ঘটনার জেরে বিষয়টি মীমাংসার লক্ষ্যে দুপুরের পর দর্শনা মোটর শ্রমিক ইউনিয়ন ও রেলবাজার দোকান মালিক সমিতির উদ্যোগে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল ৩টার দিকে রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়ে দুই পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনা শুরু হয়। তবে সমাধানের পরিবর্তে বৈঠক চলাকালেই উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে চেয়ার তুলে মারামারি শুরু হয়।
সংঘর্ষের সময় রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। পাশাপাশি কার্যালয় থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে মোটর শ্রমিক পক্ষের কয়েকজনের বিরুদ্ধে। এতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে দর্শনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর রেলবাজার দোকান মালিক সমিতির পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে রেলবাজারের সব দোকান বন্ধ রেখে কর্মসূচি ঘোষণা করা হবে।
অন্যদিকে, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মোটর শ্রমিক ইউনিয়ন।
এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, দর্শনার কিছু কসাই ব্যবসায়ীর বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে ক্রেতাদের সঙ্গে দুর্ব্যবহার, অসুস্থ ও গর্ভবতী গরু জবাইসহ বিভিন্ন অনিয়ম।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। ঘটনার বিষয়ে উভয় পক্ষ থেকে পৃথক লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।