অনলাইন ডেস্ক।।
অনুমতি না নিয়ে অন্য পেশায় যুক্ত থাকা এবং কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে অবহেলাকারী শিক্ষকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের কচুয়ায় নিজ নির্বাচনী এলাকায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘কোনো শিক্ষক যদি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোনো পেশায় লিপ্ত থাকেন, তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
কারিগরী শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিগত সরকার পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেয়নি। দুই-একমাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করা করা হবে। আপনারা জাতির দর্পণ হিসেবে গণমাধ্যমে তুলে ধরলে ব্যবস্থা নিতে সহজ হবে।’
এসময় কচুয়া উপজেলা পরিষদ চত্বরে শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান সরকারি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা। এরপর তিনি উপজেলা সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল, সহকারি কমিশনার (ভূমি) মো. নাছির, কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।