আন্তর্জাতিক ডেস্ক।।
দীর্ঘদিন ধরেইইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা ও ইসলামি শাসকগোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রকে প্ররোচিত করে আসছিল সৌদি আরব। এক্ষেতে অগ্রণী ভূমিকা রাখেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ব্যাপক সামরিক হামলা চালায় ইরানে। প্রাণঘাতি এ হামলায় নিহত হয়েছেন প্রায় ৪ দশক ধরে ইরানের ক্ষমতায় থাকা দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
ওয়াশিংটন পোস্টের এক বিশ্লেষণী প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। ইরানে হামলার নীতিনির্ধারণের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত চারটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের দুই মিত্র—ইসরায়েল ও সৌদি আরবের কয়েক সপ্তাহের লবিংয়ের পর শনিবার হামলার সিদ্ধান্ত আসে।
গত জানুয়ারিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার ব্যক্তিগত ফোনে কথা বলেছেন। জনসমক্ষে কূটনীতির কথা বললেও তিনি ট্রাম্পকে ইরানের ওপর হামলার জন্য চাপ দেন বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে। এর আগে থেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে তার দেশের ‘অস্তিত্বের হুমকি’ হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে হামলার জন্য প্ররোচনা দিয়ে আসছিলেন। দুজনের যৌথ প্রচেষ্টায় ইরানের নেতৃত্ব ও সামরিক বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেন ট্রাম্প। হামলার প্রথম দিকেই খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন।
পারমাণবিক আলোচনা স্থবির হওয়া এবং ইরান ফের পারমাণবিক কার্যক্রম শুরু করেছে– এমন দাবির মুখে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক ও সরকারি স্থাপনায় হামলা চালায়। ট্রাম্প জানান, ‘এই তীব্র ও নিখুঁত বোমা হামলা সপ্তাহজুড়ে বা প্রয়োজন অনুযায়ী চলবে।’
মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়ন, আগামী এক দশকেও ইরানি বাহিনী মার্কিন মূল ভূখণ্ডের জন্য তেমন কোনো হুমকি নয়। এরপরও হামলা চালানো হয় ইরানে। এটি ট্রাম্পের আগের সামরিক সিদ্ধান্তের তুলনায় একটি বড় পরিবর্তন হিসেবে চিহ্নিত হচ্ছে।
হামলার পর ইরান সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই, কাতারের দোহা এবং সৌদি আরবের রিয়াদে পাল্টা হামলা চালায়। এটা মধ্যপ্রাচ্যকে নতুন সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, ‘সৌদি আরব ইরানের এই নগ্ন ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।এই হামলার কোনো অজুহাত বা যৌক্তিকতা নেই। ইরান সরকার জানত, সৌদি আরব তাদের ওপর হামলার জন্য নিজের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ছিল।’
এদিকে ইরানে হামলা চলাকালেেই এক ভিডিও বার্তায় ট্রাম্প ইরানিদের উদ্দেশ্যে বলেন, আমি আজ রাতে যা করতে চাচ্ছি, কোনো প্রেসিডেন্টই তা করতে রাজি ছিলেন না। এখন এমন একজন প্রেসিডেন্ট আছেন যিনি আপনারা যা চান তা করছেন। দেখা যাক আপনারা এতে কেমন সাড়া দেন।
হামলার কয়েকদিনে আগেও মার্কিন প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দেশটির নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। আলোচনা চলাকালে সৌদি আরব একটি বিবৃতি জারি করে। সেখানে বলা হয়, সৌদি যুবরাজ ও ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে ফোনালাপ হয়। যুবরাজ সালমান ইরানের ওপর কোনো হামলায় সৌদির আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।
ওয়াশিংটন পোস্টকে হামলার নীতিনির্ধারণী সূত্রগুলো জানিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় সৌদি যুবরাজ সতর্ক করে বলেন, ইরাকে ২০০৩ সালের আগ্রাসনের পর মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সামরিক উপস্থিতি গড়ে তোলার এই সময়েও যদি যুক্তরাষ্ট্র আঘাত না করে, তবে ইরান আরো শক্তিশালী ও বিপজ্জনক হয়ে উঠবে। মুহাম্মদ বিন সালমানের এই অবস্থানকে তার ভাই সৌদি প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমানও সমর্থন করেন। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে হামলা না করার নেতিবাচক দিকগুলো সম্পর্কে সতর্ক করেন খালিদ।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সৌদি নেতার এই দ্বৈত আচরণ হয়ত তার দেশের জ্বালানি তেল অবকাঠামো রক্ষা এবং তেহরানকে রিয়াদের ‘চরম শত্রু’ হিসেবে দেখার মধ্যকার একটি মাঝামাঝি অবস্থানের কারণে হয়েছে। শিয়া প্রধান ইরান এবং সুন্নি নেতৃত্বাধীন সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের বিরোধের কারণে উপসাগরীয় অঞ্চলে একাধিক প্রক্সি যুদ্ধ হয়েছে।
শনিবার মার্কিন হামলা শুরুর পর ইরান সৌদি আরবের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালায়। রিয়াদ ক্ষুব্ধ হয়ে বিবৃতিতে হামলার নিন্দা জানায় এবং ইরানকে মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার’ আহ্বান জানায়।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। এতে ইসলামী প্রজাতন্ত্রের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে এবং আঞ্চলিক অস্থিরতার ঝুঁকি বেড়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সংবাদ সংস্থা ইরনা রোববার ভোরে এই নেতার মৃত্যুর খবর নিশ্চিত করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এ মৃত্যু ইরানিদের জন্য দেশ ফেরত পাওয়ার সুযোগ।
পাল্টা আক্রমণ ও প্রতিশোধ নেওয়ার প্রতিথ্রুতি জানিয়ে ইরানের আধাসামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ড রোববার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে তাদের ইতিহাসের সবচেয়ে তীব্র আক্রমণাত্মক অভিযান চালানোর হুমকি দিয়েছে।
পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যে আট মাসের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার ট্রাম্প প্রশাসন ইরানে হামলা চালাল। কয়েক দশক ক্ষমতায় থাকা খামেনির মৃত্যুতে ইরানে নেতৃত্ব শূন্যতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ তাঁর কোনো উত্তরসূরি নির্ধারিত ছিল না। সব নীতি নির্ধারণে তাঁর সিদ্ধান্ত ছিল চূড়ান্ত।
২০০৩ সালে ইরাকের নেতা সাদ্দাম হোসেনকে উৎখাত করার পরিকল্পনায় হাজার হাজার মার্কিন সৈনাকে পাঠানো হয়, যারা সেখানে প্রায় এক দশক অবস্থান করে। নতুন সরকার গঠনের জন্য বেসামরিক মার্কিন কর্মকর্তারা কাজ করে।
ইরাক অভিযানের তীব্র সমালোচকদের কেউ কেউ ট্রাম্প প্রশাসনেও আছেন। তাদের মতে, এবার পরিস্থিতি ভিন্ন হবে।
আপাতত ট্রাম্প বলছেন, তিনি আশা করেন খামেনির মৃত্যুর পর ইরানের নিরাপত্তা বাহিনী ও পুলিশ শান্তিপূর্ণভাবে ইরানি ‘দেশপ্রেমিকদের’ সঙ্গে কাজ করবে এবং দেশটির পুরোনো গৌরব ফিরিয়ে আনবে।