দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে আটক হওয়ার পর প্রায় ৮ মাস কারাভোগ শেষে ফাল্গুনী রায় (২৯) নামের এক ভারতীয় নাগরিককে তার দেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল রবিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তের শূন্য রেখায় উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

এ সময় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর পক্ষে উপস্থিত ছিলেন ৬ বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার মো. এনামুল হক। অন্যদিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন গেদে আইসি ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার রাজেশ কুমার।

ভারতে ফেরত যাওয়া ফাল্গুনী রায় ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার আর শিংড়ী টেংরা কলোনী গ্রামের মৃত বিশ্বনাথ রায়ের মেয়ে।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের উপ-পরিদর্শক (এসআই) তুহিন জানান, ফাল্গুনী রায় ২০২৫ সালের ৩০ জুন কোনো বৈধ কাগজপত্র ছাড়াই দালালের মাধ্যমে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে ৫৮ বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোর রায়ে তিনি ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রায় ৮ মাস সাজা ভোগ করেন। সাজা শেষ হওয়ার পর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।।