মুজিবনগর প্রতিনিধি।।
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার নাজীরাকোনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও মদসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার দিবাগত রাত ১টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর নাজীরাকোনা বিওপি’র টহল কমান্ডার জেসিও নায়েবে সুবেদার খসরুল আলমের নেতৃত্বে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
এসময় সীমান্ত মেইন পিলার ১০৯/৯ আরবি থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাগার বিলের মাঠ এলাকা থেকে ১৫ পিস ভারতীয় তানা-বানা শাড়ি এবং ৪ পিস “ম্যাজিক মোমেন্ট” নামের ভারতীয় মদসহ মুজিবনগর উপজেলার নাজীরাকোনা গ্রামের আলিমুদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (২০) কে আটক করা হয়।
পরে আটক আসামি ও জব্দকৃত মালামাল মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, রবিবার বিজিবি মালামালসহ এক চোরাকারবারিকে মুজিবনগর থানায় হস্তান্তর করেছে।
জব্দকৃত মালামালের মধ্যে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১৫টি ভারতীয় তানা-বানা শাড়ি এবং ৬ হাজার টাকা মূল্যের ৪ পিস ভারতীয় মদ রয়েছে।
আসামি ও জব্দকৃত মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।