আন্তর্জাতিক ডেস্ক।।

ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান (রিফুয়েলিং এয়ারক্রাফট) বিধ্বস্ত হয়ে চার সেনার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, বিধ্বস্ত ‘কেসি-১৩৫ স্ট্রাটোট্যাংকার’ বিমানটিতে থাকা আরও দুই ক্রু সদস্যকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, প্রাথমিক তদন্ত অনুযায়ী এ দুর্ঘটনা কোনো ‘শত্রুপক্ষ বা মিত্রপক্ষের গুলিতে’ ঘটেনি। তবে ঘটনার সময় সেখানে যুক্তরাষ্ট্রের আরও একটি জ্বালানি সরবরাহকারী বিমান ছিল।

বৃহস্পতিবারের (১২ মার্চ) এ দুর্ঘটনার কারণ এখনো খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সেন্টকম। এ ছাড়া নিহত সেনাসদস্যদের পরিবারের কাছে খবর পৌঁছানোর ২৪ ঘণ্টা পর তাদের নাম প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু হওয়ার পর থেকে ওই অঞ্চলে উত্তেজনা চরমে। এই অভিযানে এ পর্যন্ত সাতজন মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে কয়েক হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।