অনলাইন ডেস্ক।।
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কলেজছাত্র রাকিবুল হাসান রাকিবকে কুপিয়ে ও গুলি করে হত্যা মামলায় আসামি গোলাম রসুল শিহাব এবং সাগর কবির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
অপর দুই আসামি রাফিন শেখ এবং শাহরিয়ার নাজিম জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আসামিদের জবানবন্দি রেকর্ড এবং রিমান্ডের আদেশ দিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা, শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিঠু সরকার বলেন,চার আসামির মধ্যে শিহাবকে ঘটনাস্থল শহীদ মিনার থেকে, সাগরকে পটুয়াখালী থেকে এবং রাফিন ও জয়কে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর চার আসামিকে আদালতে হাজির করা হয়। শিহাব এবং সাগর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড এবং রাফিন ও জয়ের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শিহাব এবং সাগর আদালতে জবানবন্দি দিয়েছেন। অপর দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।”
গত রোববার রাতে শহীদ মিনারে হত্যা করা হয় ২৫ বছর বয়সি শেখ বোরহানুদ্দীন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিবুল ইসলাম রাকিবকে। এ ঘটনায় তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী তরিকুল ইসলাম খোকন সোমবার মামলা দায়ের করেন।
খোকন মামলায় অভিযোগ করেন, রাকিব মোটরসাইকেলে করে রোববার রাত সাড়ে ৮ টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে যান। মোটরসাইকেল পার্কিং করা মাত্রই রাকিবকে গুলি করে আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত অচেনা ব্যক্তি। রাকিব রক্তাক্ত অবস্থায় রাস্তায় পরে গেলে অচেনা ৫/৬ জন তাকে ছুরি দিয়ে কোপায়। মৃত ভেবে তারা চলে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়। সেখানকার চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।