ফরিদপুর সংবাদদাতা।।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হর্ন বাজানোকে কেন্দ্র করে প্রবাসী বরযাত্রীর দুইটি গাড়িতে দুর্বৃত্তের হামলাসহ ভাঙচুর ও স্বর্ণ অলংকার লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় মাইক্রোবাসের নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ১০ জন বরযাত্রীর লোকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর মোড়ায় এ ঘটনা ঘটে।

বরযাত্রী ও পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের আবু মোল্লার ছেলে কুয়েত প্রবাসী ইব্রাহিম মোল্লার বিবাহ উপলক্ষে দুইটি মাইক্রোবাসে ২৫ জন বরযাত্রী নিয়ে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের চর কাশিমপুর গ্রামের শাহ আলম খলিফার মেয়েকে বিবাহের অনুষ্ঠান শেষ করে নববধূ নিয়ে সন্ধ্যার পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ঘটনাস্থলে পৌঁছালে দুই জেলার (মাদারীপুর-ফরিদপুর) (আজিমনগর মোড়ায়) সীমান্তবর্তী ব্রিজ থেকে ঢালে নামার সময় ১৫ থেকে ২০ জন যুবক রাস্তার উপরে দাঁড়িয়ে ছিল। ড্রাইভার বারবার হর্ন দেওয়ায় যুবকরা ক্ষিপ্ত হয়, তখন ড্রাইভারের সঙ্গে যুবকদের কথা কাটাকাটির এক পর্যায়ে যুবকরা দুইটি মাইক্রোবাস ও বর যাত্রীদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় বর ও নববধূ সহ অন্যান্য আত্মস্বজন নারীদের থেকে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার লুটে নেয় , এমন অভিযোগ বর যাত্রীদের।

তখন দুর্বৃত্তের হামলায় কমপক্ষে ১০ জন বরযাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত ড্রাইভার হৃদয় ও বরযাত্রী নাঈমকে প্রথমে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যান্য আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে কুয়েত প্রবাসী বরযাত্রী ইব্রাহিম মোল্লার চাচাতো ভাই শহিদুল মোল্লা বলেন, ‘২৫ থেকে ৩০ জন যুবক হঠাৎ করে কিছু বুঝে ওঠার আগেই আমাদের দুটি গাড়ির ওপর অতর্কিত হামলা চালিয়েছে। সকলের হাতে দেশীয় অস্ত্র ছিল, আমাদের সঙ্গে বেশিরভাগ প্রবাসীদের স্ত্রীরা বরযাত্রীর সঙ্গে ছিলেন, সকলের শরীর থেকে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে যায়। তাদের হামলায় আমাদের বরযাত্রী সবাই চরম আতঙ্কিত হয়ে পড়েছি। আমাদের দুজনকে গুরুতর আহত করা হয়েছে তাদেরকে ঢাকা পাঠানো হয়েছে।’

বরের চাচাতো ভাই রিজু মোল্লা বাদী হয়ে ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে ভাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বরযাত্রীর দুইটি মাইক্রোবাসের হর্ন বাজানোকে কেন্দ্র করে কিছু যুবকদের সঙ্গে হাতাহাতিসহ দুইটি গাড়িতে ভাঙচুর চালানোর বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।