চুয়াডাঙ্গা সংবাদদাতা।।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় টানা তিন দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মাঝারি ধরনের তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, তীব্র গরমে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

আবহাওয়া অফিস জানায়, শনিবার (৪ এপ্রিল) বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ২৬ শতাংশ। তবে আগের দিন শুক্রবার পরিস্থিতি ছিল আরও ভয়াবহ সেদিন তাপমাত্রা ওঠে ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি। এর আগের দিন বৃহস্পতিবারও জেলায় তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

প্রতিদিন সকাল থেকেই সূর্যের তাপ বাড়তে শুরু করে। দুপুর ১২টার পর তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যায় এবং বিকেল ৩টার দিকে সর্বোচ্চ অবস্থায় পৌঁছায়। অসহনীয় এই গরমে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন খেটে খাওয়া মানুষ। তীব্র রোদের কারণে দুপুর থেকে বিকেল পর্যন্ত কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে।

একজন রিকশাচালক জানান, রোদের তাপে রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে পড়েছে, আবার যাত্রী কম থাকায় আয়ও কমে গেছে। মাছ বিক্রেতা কাশেম আলী বলেন, “পেটের দায়ে বের হতে হলেও রোদে বেশিক্ষণ থাকা যাচ্ছে না।”

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আলতাফ হোসেন জানান, বর্তমানে এলাকায় মাঝারি তাপপ্রবাহ বইছে। তিনি বলেন, আগামী দুদিন তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। তবে এরপর মেঘ ও বৃষ্টিপাত হলে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।